জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মো.ওয়াহিদ খান আরিফ (৪০) ও মানিক মিয়া ওরফে মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নরুন্দি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ওয়াহিদ খান আরিফ ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া মোড়লপাড়া এলাকার মো. নাসির খান রতনের ছেলে এবং মানিক মিয়া ওরফে মাসুদ রানা জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ি এলাকার মৃত আ. জব্বারের ছেলে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো.নাছির উদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তার দুই ভুয়া সাংবাদিক বিভিন্ন স্থান থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করছিলেন। চাঁদা দাবি করেছেন একটি ভূমি অফিসেও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রেস লেখা ১০টি ভিজিটিং কার্ড, ছবি সম্বলিত ৩টি বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র ও একটি জিপার ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জামালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।