নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কেনেডি জুনিয়র

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার দৌড়ে নামতে যাচ্ছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। এরই মধ্যে নির্বাচনী কাগজপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে মার্চে কেনেডি টুইটারে ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার কথা ভাবছেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি নির্বাচন করলে শীর্ষ অগ্রাধিকার হবে রাষ্ট্র এবং করপোরেট শক্তির মধ্যে যে দুর্নীতি গড়ে উঠেছে তার ইতি ঘটানো।’ যদিও টিকাবিরোধী মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ২০২১ সালে তার অ্যাকাউন্ট বাতিল করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ৬৯ বছর বয়সী কেনেডি জুনিয়র ঘাতকের হাতে নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই রাজনৈতিক দলই নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী খুঁজে পেতে প্রতিদ্বন্দ্বিতা করে, যাকে বলা হয় প্রাইমারি। বিবিসি বলছে, প্রার্থিতার এই দৌড়ে কেনেডি জুনিয়রের জয়ের সম্ভাবনা কম। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনও ইঙ্গিত দিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। এপ্রিলের শুরুতে তার প্রচারণা শুরুর কথা ছিল। এখন এ সময়সীমা বাড়ানো হয়েছে।