ঘেরের লবণপানিতে ধানক্ষেত নষ্ট ক্ষতিপূরণ দাবি

মোংলায় চিংড়ি ঘেরের লবণপানি ঢুকে শত শত বিঘা জমির ধান পুড়ে ও পচে নষ্ট হচ্ছে। এর প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া ও বালুরমোড় এলাকার ধানচাষিরা তাদের জমির আইলে দাঁড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে এ দাবি জানায়।

ভুক্তভোগীরা বলেন, গত ডিসেম্বরে আমরা ধানের চাষাবাদ শুরু করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানালে তিনি ধান লাগাতে এবং জমি/ঘেরে লবণপানি না ঢুকাতে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাইকিং করিয়ে দেন। তখন ১৫ বৈশাখ পর্যন্ত লবণপানি ঢুকানো যাবে না বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু সপ্তাহখানেক ধরে ঘেরমালিকরা লবণপানি ঢুকানোয় আমাদের শত শত বিঘা জমির ধান নষ্ট হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’