কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হলো নির্বাচন। আওয়ামী লীগ কোনো দিন নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি। বিএনপি সবসময়ই চোরাগলি পথে ক্ষমতায় এসেছে। চোরাগলি পথে বিএনপিকে আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি জেলা শহরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামে কৃষির উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে সকালে মন্ত্রী রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার সাপছড়ি ও দ্বিচানপাড়ায় ভার্মি কম্পোস্ট, সূর্যমুখীর ক্ষেত, মাল্টা, আনারস, কাজুবাদাম ও কফি বাগান পরিদর্শন এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, সিলেট ও মৌলভীবাজার যেমন চায়ের জন্য নামকরা, তেমনি কাজুবাদাম ও কফির জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিচিত হয়ে উঠবে। কফি-কাজু বললেই মানুষ পাহাড়কে চিনবে। পাহাড়ে কাজুবাদাম ও কফি চাষের সম্ভাবনা অনেক। এসব ফসল একবার লাগালে অনেকদিন টিকবে, বছর বছর ফসল লাগাতে হবে না। এতে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়া যাবে।
দুপুরে কৃষিমন্ত্রী রাঙ্গামাটি শহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অফিসে কৃষি আবহাওয়ার জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও কৃষি আবহাওয়া রেডিওর উদ্বোধন করেন।