সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে জাতীয় সংসদ। পাশাপাশি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ে শোক প্রকাশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ২২তম ও বিশেষ অধিবেশন শুরু হয়। এতে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার। তিনি বলেন, ইতিমধ্যে আমরা দুজন সাবেক মন্ত্রী এবং সাতজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করছে জাতীয় সংসদ। তারা হলেনÑ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য রেজা আলী, সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্য ও পাটমন্ত্রী হাবিব উল্লাহ খান, সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং সাবেক এমপি এনামুল হক। তাদের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বলে জানান স্পিকার।
এ ছাড়াও গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে জাতীয় সংসদ।
শোকপ্রস্তাব গ্রহণের আগে সংসদের ২২তম অধিবেশন ও সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিম-লীর নাম ঘোষণা করেন। তারা হলেনÑ এএইচএন আসিকুর রহমান, আসাদুজ্জামান নুর, মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতিমা। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিম-লীর এ সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।