‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে দেশে দ্বিতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’। আগামীকাল শনিবার দেশব্যাপী দিবসটি পালন করবেন বর্তমান ও প্রাক্তন স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রধান কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল সারা দেশের স্কাউট নেতারা ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। তাই বাংলাদেশের স্কাউটের জাতীয় নির্বাহী কমিটির ২৪৮তম সভায় প্রতি বছর ৮ এপ্রিল “বাংলাদেশ স্কাউট দিবস” উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালে প্রথমবারের মতো দেশে উদযাপিত হয় বাংলাদেশ স্কাউট দিবস।’ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ, স্কাউটস দিবস-২০২৩-এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. ফসিউল্লাহ, জাতীয় উপকমিশনার (পিআরএম) সুকান্ত গুপ্ত অলকসহ অন্যান্য কর্মকর্তা।