আজ থেকেই বঙ্গবাজারের বসবে অস্থায়ী দোকান

রাজধানীর বঙ্গবাজারে আজ থেকে অস্থায়ী দোকান বসবে বলে জানিয়েছে মালিক সমিতি। সে লক্ষ্যে ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছে সিটি করপোরেশন।

বঙ্গবাজার দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, শনিবার (০৮ এপ্রিল) থেকে বসবে অস্থায়ী দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির কাজ প্রায় শেষ।

আগুনে পোড়া মালামাল প্রণোদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নিয়েছে সিটি করপোরেশন। সে টাকা বণ্টন হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি চলছে আশপাশের ভবনগুলোতেও।

গত মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।