বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক অ্যাকাউন্ট

বঙ্গবাজারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের ওই সঞ্চয়ী হিসাব নম্বরের (০২০০০৯৪০৬৬০৩১) মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ওই (০২০০০৯৪০৬৬০৩১) অ্যাকাউন্টে জমা হওয়া টাকা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটি তালিকা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তালিকা তৈরি আর ক্ষতির পরিমাণ নির্ণয় করে আমরা তাদের বুঝিয়ে দেব। তারাই টাকা বণ্টন করবেন।

গত মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লাগে। ওই দিন প্রায় ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট সেনা ও বিমানবাহিনীর সহযোগিতায় প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।