ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে জয় শূন্য ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই হতাশা কাটিয়ে টানা তৃতীয় জয়ের মুখ দেখল দলটি।
সাভারের বিকেএসপিতে শনিবার অষ্টম রাউন্ডের ম্যাচে সিটি ক্লাবকে ১০১ রানে হারায় মোহামেডান। ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিটি থামে ৭ উইকেটে ২৪৭ রানে। সেঞ্চুরিতে মোহমেডানের জয়ের নায়ক অধিনায়ক ইমরুল কায়েস।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় সিটি ক্লাব। ১২১ বল খেলে ১০টি চার ও তিনটি ছক্কায় ১১৪ রান করেন ইমরুল।
৭টি চার ও ৪টি ছক্কায় ৫৯ বলে ৭১ রান করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া তরুণ মহিদুল ইসলাম অঙ্কন ২টি চার ও ৪টি ছক্কায় ৫২ বলে ৬৫ রানে ইনিংস খেলেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করেন সাকিব আল হাসান। সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান। সিটি ক্লাবের হয়ে ৬৮ রানে ৩ উইকেট নিয়ে সফল বোলার রায়হান রহমান।
জবাবে ৭ উইকেটে ২৪৭ রান করতে পারে সিটি ক্লাব। দলটির পক্ষে আবদুল্লাহ আল মামুন ৪টি করে চার ও ছক্কায় ৬৫ বলে সর্বোচ্চ ৭০ ও অধিনায়ক আসিফ আহমেদ ৫২ রান করেন। ৬৮ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের পক্ষে সেরা বোলার ইংল্যান্ডের জ্যাক লিন্টট। সাকিব মোট ১০ ওভার বল করে ৩৬ রান খরচায় ১ মেডেনসহ ১ উইকেট নেন।
এই জয়ে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠল মোহামেডান। ৮ ম্যাচের সবকটিতে জিতে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড।
এদিন দিনের আরেক ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্যদিকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।