ঢাকাই সিনেমার ইতিহাসে ভৌতিক গল্প নিয়ে কোন সিনেমা নির্মিত হতে দেখা যায়নি আগে! প্রথমবারের মত নির্মিত হয়েছে এ ধরণের সিনেমা, যা আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন’ নামের এ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন সজল ও পূজা চেরি।
সিনেমাটির মুক্তি ঘিরে বেশ জোরেশোরেই চলছে প্রচারণা। এরইমধ্যে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিলো, কোনো দর্শক যদি ‘জ্বীন’ একা একা হলে বসে দেখতে পারে, তাহলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
শনিবার (৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এমন ঘোষণাই দেওয়া হয়। পুরস্কারটি পেতে হলে মানতে হবে কিছু শর্ত। যেমন: একটি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে; যদি পুরোটা না দেখতে পারেন, তাহলে হল ও অ্যাম্বুলেন্সের (যেটি দুর্ঘটনার আশঙ্কায় জরুরি প্রয়োজনে রাখা হবে) ভাড়া দিতে হবে।
জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেছেন, ‘আজ (৮ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রের উদ্দেশে ঘোষণা দেওয়া হয়, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয়নি।’
ঘোষণার পাশাপাশি স্পষ্ট সতর্কতা প্রসঙ্গে জানানো হয়- ‘ভয়ের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়।’
নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবিতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।