ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার আশা আরও দৃঢ় করল ম্যানচেস্টার ইউনাইটেড। এই কদিন আগে লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকায় বেশ বিপাকেই পড়ে গিয়েছিল এরিক টেন হাগের দল। সেখান থেকে কক্ষ পথে ফিরে টানা দ্বিতীয় জয় পেল দলটি।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। গত বুধবার ব্রেন্টফোর্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে ফের শীর্ষ চারে ফিরেছে এরিক টেন হাগের দল।
এদিনের জয়ে দলটি উঠল তিন নম্বরে। তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার আশার পালে জোড় হাওয়া পেল দলটি।
২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট ইউনাইটেডের। পাঁচে থাকা টটেনহ্যামের চেয়ে এগিয়ে ৬ পয়েন্ট। এভারটন আছে অবনমনের শঙ্কায়। ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে দলটি। ৭২ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল।
এদিন বেশ দাপটের সঙ্গে খেলেছে ইউনাইটেড। স্কট ম্যাকটমিনে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান অঁতনি মার্শিয়াল।
তবে এই জয়ের মাঝেও ইউনাইটেড কোচকে ভাবনায় ফেলার মতো ব্যাপারও আছে। মৌসুমে দারুণ ছন্দে থাকা মার্কাস রাশফোর্ড চোট পেয়েছেন। শেষ দিকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ ফরোয়ার্ড।
এদিন এতোটাই আক্রমণাত্মক খেলেছে ইউনাইটেড, প্রতিপক্ষের গোলমুখে তাদের শট ২৯টি, যার মধ্যে প্রথমার্ধেই ২১ টি। এতে একটি রেকর্ডও হয়ে গেছে। প্রিমিয়ার লিগে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম ৪৫ মিনিটে সবচেয়ে বেশি শট নিল দলটি।
পুরো ম্যাচে ২৯ প্রচেষ্টার মধ্যে ১১টি শট অন টার্গেট ছিল ইউনাইটেডের। এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ওপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেছে!