এবার আত্মহত্যা করলেন চবি শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরাফাত রহমান সিয়ামের পর আত্মহত্যা করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী। তিনি চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ২১০ নম্বর কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, এদিন মৃত শিক্ষার্থীর স্বামী তার সাথে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে, শামসুন নাহার হলের নিরাপত্তা কর্মীদের নিয়ে কক্ষে আসেন তার স্বামী। কক্ষ ভেতর থেকে বন্ধ্ থাকায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করা হয়। এ সময় দেখা যায় তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

সেখান থেকে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চমেকে পাঠিয়ে দেন। সেখানে সন্ধ্যা ৬ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চবি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চমেকে পাঠানো হয়। এরপরে জানতে পারি তিনি মারা গেছেন।

এর আগে, গত ৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত রহমান সিয়াম (২৫) নামে ওই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করেছিলেন।