মেটেনি কুষ্টিয়া-ঝিনাইদাহ ও ফরিদপুর জেলার বাস মালিক শ্রমিকদের মধ্যে বিবদমান দ্বন্দ্ব। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন বাড়ি থেকে বেড় হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া মানুষজন।
গত শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দ্বিতীয় দিনের মতো গতকাল শনিবারেও চলমান বাস ধর্মঘটের জেরে কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাগামী যাত্রী পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন যাচ্ছে কুষ্টিয়া বাস মালিক শ্রমিকরা।
দেখা গেছে, গতকাল শনিবার সকাল থেকে কুষ্টিয়া-খুলনা ও ফরিদপুর রুটে কোনো বাস ছেড়ে যায়নি। সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মজমপুর বাস ডিপো থেকে কোনো বাস না ছাড়ায় দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
ঈদ পালনে গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালিয়া যাওয়ার জন্য শনিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সপরিবারে এসে অপেক্ষা করতে দেখা যায় সাহিদা খাতুনকে। সকাল সাড়ে ১০টা পর্যন্তও কোনো পরিবহন না পেয়ে আবার ফিরে যাচ্ছেন কুষ্টিয়া শহরের হরিশংকরপুরের বাসায়।
তিনি বলেন, দুই দিন ধরে বাস বন্ধ, এতে বাসের শ্রমিক বা প্রশাসনের কিছু এসে না গেলেও ভোগান্তিটা আমরাই পোহাচ্ছি।
কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহবুল আলম জানান, এখনো আমাদের দাবিতে অনড় আছি।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, আমাদের ওপর হামলা ও মারধরে জড়িতদের বিচার করা না হলে আরও কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঝিনাইদহ ও ফরিদপুর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, আশা করছি একটা সুরাহা বের হবে।