সাকিব ডিপিএলে লিটন আইপিএলে

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের এখন এক জায়গাতেই চোখ থাকতÑ আইপিএল। একসঙ্গে তিন দেশি ক্রিকেটারের এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছিল। অথচ এখন আর সেই সুযোগ নেই। দেশসেরা তারকা সাকিব আল হাসান আর আইপিএলে নেই। আইপিএলের রং গায়ে মাখার বদলে তিনি রং ছড়াবেন ডিপিএলে। মোহামেডানের হয়ে ঈদের আগে লিগ পর্বের সব ম্যাচই খেলবেন সাকিব। টি-টোয়েন্টির সেরা অলআউন্ডার না থাকলেও এই ফরম্যাটের সেরা আসরের আগ্রহ কমার সুযোগ নেই বাংলাদেশিদের কাছে। কারণ প্রথমবার তাতে খেলার সুযোগ পাচ্ছেন লিটন দাস। আজ সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়বেন লিটন। আর আগে থেকেই মোস্তাফিজ তো আছেনই।

সাকিব-লিটনের আইপিএল যাত্রা নিয়ে গত মাস থেকে কম জলঘোলা হয়নি। কিন্তু বিসিবি নিজেদের সিদ্ধান্তে ছিল অটল। বারবার দেশের খেলা আগে এটাই বলা হয়েছে। আশপাশ থেকে নানা গুঞ্জন উঠে এলেও বিসিবির সিদ্ধান্তই ফলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ভেতরের খবর খোলাসা করেন, ‘সাকিব-লিটন টেস্টে আমাদের অধিনায়ক ও সহ-অধিনায়ক। একসঙ্গে দুজনকেই ছেড়ে দেব। আর ওখানে গিয়ে বসে থাকার চেয়ে জাতীয় দলের হয়ে খেলা ভালো না!’ অথচ টেস্ট শেষের আগে এই উক্তি একবারও খোলাসা করেননি পাপন বা বিসিবির কেউ।

তবে যাই হোক খোলাসা হয়েছে সব কিছু। কাল-ই নিজেদের বিবৃতিতে লিটন দাসের যোগ দেওয়ার খবর নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। লিটন আজ সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতা যাবেন। সেখানেই থাকছেন এবং সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরবর্তী হোম ম্যাচে দলে থাকবেন। কলকাতা জানিয়েছে, ‘কেকেআর ইনফর্ম ব্যাটার লিটনকে আমন্ত্রণ জানাতে তৈরি। ইডেন গার্ডেনসে পরের হোম ম্যাচেই সে ড্রেসিংরুমে থাকবে। ৯ এপ্রিল সন্ধ্যায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পহেলা মে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের জন্য সে দল ত্যাগ করবে।’ গুঞ্জন উঠেছিল লিটন ৯ এপ্রিল আহমেদাবাদে কলকাতার সঙ্গে যোগ দিচ্ছেন না। তাই ১০ এপ্রিল আবাহনীর হয়ে খেলে পরদিন কলকাতা যাবেন। কিন্তু আবাহনীর ম্যানেজার মামুন দেশ রূপান্তরকে জানান, ‘আইপিএল দল যদি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে না ডাকে তাহলে লিটন যাবে না। তখন সে আবাহনীর হয়ে অবশ্যই খেলবে। কিন্তু যদি ডাকে তাহলে তো খেলতে পারবে না। এখণ দেখি সিদ্ধান্ত কী হয়।’ তবে আবাহনী লিটনকে সুপার লিগের আগে আর পাচ্ছে না এখন তা নিশ্চিত।

এদিকে সাকিবকে নিয়েও একটা গুঞ্জন ছিল। আয়ারল্যান্ড টেস্টের পরদিন সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর কথা ছিল তার। তা পাল্টে যাচ্ছে। সাকিবও থাকবেন খেলার মধ্যে। এতে কত বছর পর প্রিমিয়ার লিগে এত ম্যাচ খেলবেন সাকিব তা সত্যিই খুঁজে দেখার বিষয়। সাকিব ঢাকা লিগে রাউন্ড রবিন পর্বের বাকি ম্যাচগুলো খেলবেন মোহামেডানের জার্সিতে। ১৭ এপ্রিল ঢাকা লেপার্ডসের বিপক্ষে মোহামেডানের শেষ ম্যাচ খেলে তবেই বিদেশ পরিবারের কাছে যাবেন ঈদ করতে।

মৌসুমের শুরুতে জাতীয় দল, আইপিএল ব্যস্ততায় ঈদের পর সুপার লিগের আগে সাকিবের খেলার কোনো সুযোগই ছিল না। কিন্তু এখন চিত্র বদলেছে পুরোপুরি। জাতীয় দলের ব্যস্ততা বাদে বাকি সময় মোহামেডানেই খেললেন তিনি। দুই ম্যাচ খেলেছেন লিগে আরও তিন ম্যাচ খেলবেন ১১ এপ্রিল ফতুল্লায় ব্রাদার্সের বিপক্ষে। ১৪ এপ্রিল শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে এবং ১৭ এপ্রিল ফতুল্লায় ক্লাবটির শেষ ম্যাচে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। এ ব্যাপারে নিশ্চয়তা দিয়ে ক্লাব কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু দেশ রূপান্তরকে জানান, ‘সাকিব এখনই বিদেশে যাচ্ছে না সে মোহামেডানের হয়ে ঈদের অগের সব ম্যাচ খেলবে। যেহেতু লিগ পর্বের আর কয়েকটি ম্যাচ বাকি।’ সাকিব ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দেন। ম্যাচ শেষ হওয়ার আগেই চলে আসেন তিনি। সেক্ষেত্রে ফতুল্লা সাকিবের জন্য একটু দূর হয়ে যায়। ওই ম্যাচগুলোতেও খেলবেন বলে নিশ্চিত করেছেন টিটু।

আইপিএল আলোচনায় থাকা দুই তারকার ভাগ্য হলো দুই রকম। অবশ্য এতে সাকিবকে পেয়ে ঢাকা লিগ যেমন উপকৃত হলো তেমনি আইপিএলকে পেয়ে লিটন উপকৃত হলেন।