তথ্যপ্রযুক্তির অপব্যবহার কিশোর অপরাধ বৃদ্ধির একটি বড় কারণ বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, শুধু আইনের আওতায় এনে কিশোর অপরাধ দমন সম্ভব নয়। সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে। শিশু আইনের দুর্বলতার কারণে পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে না।’
গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
‘তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণেই কিশোর অপরাধ বাড়ছে’ শীর্ষক ছায়া সংসদে সরকারি দল হিসেবে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও বিরোধী দল হিসেবে সামসুল হক খান স্কুলের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্কে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়।