জাতীয় দলের দরজা খুলল মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী পেসার। বাঁহাতি পেসারের মধ্যে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার রোমাঞ্চ কাজ করছে ঠিকই, তবে তিনি আবেগে ভেসে যাচ্ছেন না মোটেও। বড় কিছু করে ফেলার আগাম ঘোষণাও দিতে চান না তিনি। তার মূলমন্ত্র একটাই, পারফর্ম করে যেতে হবে ধারাবাহিকভাবে।
আগামী মে তে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ওই সময়ে আয়ারল্যান্ডের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তারা ইংল্যান্ডের চেমসফোর্ডকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।
ভাগ্য সুপ্রসন্ন থাকলে এই সফরে ওয়ানডে অভিষেকও হয়ে যেতে পারে মৃত্যুঞ্জয়ের। প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে মৃত্যুঞ্জয় বললেন, ‘এটা আমার অনেক বড় সুযোগ।’
আর এই সুযোগ তিনি কাজে লাগাতে চান পারফরম্যান্সের ধারাবাহিকতা দিয়ে। যে তাসকিন আহমেদের চোটের কারণে তার দরজা খুলেছে, সেই তাসকিন আহমেদকে টেনে একটা উদাহরণও দিলেন তিনি।
‘তাসকিন ভাই বিশ্বকাপে (২০১৯) সুযোগ না পেয়ে কিন্তু কেঁদেছিলেন। কিন্তু আজ দেখেন উনি যে পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন এবং পারফরম করেছেন, এখন তাকে দল থেকে বাদ দেয়ার কথা চিন্তাই করা যায় না।’- বলছিলেন মৃত্যুঞ্জয়।
নিজেকেও সেভাবেই তৈরি করতে চান তরুণ এই পেসার, ‘আমি সেই রকম হতে চাই। আমি পারফর্ম করতে চাই, একটা সুযোগ পেলেও যেন নিজেকে প্রমাণ করে ভবিষ্যতে দলের জন্য লাইনে রাখতে পারি।’
এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন মৃত্যুঞ্জয়। উইকেট যথাক্রমে ১৮, ৩৯ ও ২৬টি।