শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে জাপানের যুদ্ধজাহাজ

জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (JMSDF) এর দুটি যুদ্ধজাহাজ উরাগা (JS URAGA) ও আওয়াজি (JS AWAJI) তিনদিনের শুভেচ্ছা সফরে গতকাল রবিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ দুটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এবং নৌবাহিনী মেরিটাইম মিউজিয়ামসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা উক্ত জাহাজ দুটি পরিদর্শন করবেন। ১৪১ মিটার এবং ৬৭ মিটার দৈর্ঘ্যরে জাহাজ দুটির অধিনায়ক কমান্ডার মাতসুনাগা আকিহিতু (Commander Matsunaga Akihitu) এবং কমান্ডার তাগুছি তাকুমা Commander Taguchi Takuma) এর নেতৃত্বে কর্মকর্তাসহ মোট ১৮৮ জন সদস্য এ শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি