সুপ্রিম কোর্ট বারের ইফতারে হট্টগোল

খোকন ও কাজলসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ইফতার আয়োজনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার সুপ্রিম কোর্ট বার প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে এ মামলা করেন। এতে গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০- ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাভোকেট ইউনুস আলী রবি, অ্যাডভোকেট কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের পক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনের ১ ও ২ নম্বর হলে হামলা, ভাঙচুরের এ ঘটনা ঘটে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।