আসছে ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় কিস্তি। এরইমধ্যে উন্মুক্ত হওয়া ট্রেলার নিয়ে সবখানে চলছে প্রশংসা। ঠিক সেসময় ট্রেলারটি শেয়ার করে মোশাররফ করিমের প্রশংসায় মেতে উঠলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
তার বন্দনা করে প্রথমেই তিনি লিখেন, ‘মোশাররফ করিমকে কে নিয়ে নতুন করে কিছু বলার নাই….সে সত্যিকারের জাত অভিনেতা।’
এখানেই শেষ করেননি। তিনি আরও লিখেন, ‘আমি বলবো মহানগর নিয়ে, আশফাক নিপুণ কে নিয়ে। ‘মহানগর ২’ এর ট্রেইলার বলে দেয়, অনেক চমক আর ভালো লাগায় আচ্ছন্ন হতে পারি আমরা। নতুন যারা যোগ হলেন এই যাত্রায়, তাঁদের প্রকাশ আর অভিব্যক্তি বলে দেয়, নিপুণ সুনিপুণ কর্ম সাধন করেছে, যা আগের চেয়ে আরো ভালো। যে ভালোতে অন্যদের মত আমিও আনন্দিত এবং অপেক্ষারত। চমক লাগলো দিব্য জ্যোতির কয়েকটা শট দেখে। সাথে তানজিকা আর বাবু ভাই মানে ফজলুর রহমান বাবু, উনি তো একজনই। শ্যামল মাওলা তো শক্তিশালী অভিনেতা, ওর আরো এগিয়ে যাওয়া দেখতে চাই।’
সিরিজটি দেখার জন্য তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে লিখেন, ‘কি চমক অপেক্ষা করছে ‘মহানগর ২’ তে, তার অপেক্ষায় আমরা সবাই। ‘মহানগর ২’ ভালো হলে, বাংলাদেশের ওটিটি আরো চলমান গতিতে পৌঁছালে, আমাদের সবার লাভ। আমরা সবাই ভালো কাজ দর্শকদের দেখাতে চাই।’
সবশেষে তিনি বলেন, ‘এই কথা গুলো বলছি কারণ, আমাদের সম্ভাব্য ভালো কাজগুলোকে সম্মান আর স্বীকৃতি জানাতেও অনেক সময় আমরা কার্পণ্য বোধ করি। ভালো কাজের জয় হোক’