তাইওয়ান নিয়ে ফরাসি প্রেসিডেন্টের ভিন্ন চিন্তা

তাইওয়ান সংকট ত্বরান্বিত করার কোনো আগ্রহ ইউরোপের নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি ইউরোপের উচিত তাইওয়ান নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের যেসব নীতি রয়েছে, সেগুলো না মেনে স্বাধীন একটি কৌশল অনুসরণ করা। গত রবিবার ম্যাক্রোঁর এ বক্তব্য প্রকাশিত হয়। সদ্যই তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন তিনি। তিনি যখন চীনে তখন বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠক হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার থেকে তাইওয়ানের চারপাশে মহড়া শুরু করে চীন। তাইওয়ান উত্তেজনা প্রসঙ্গে ফরাসি সংবাদপত্র লেস ইকোস ও পলিটিকোতে কথা বলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘তাইওয়ান ইস্যুতে চলমান সংঘাতকে ত্বরান্বিত করা ইউরোপের উচিত হবে না। এ মুহূর্তে ইউরোপের উচিত, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে নিজের অবস্থান তৈরি করা।’ ম্যাক্রোঁ পলিটিকোকে বলেন, তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্র বা চীনানীতির অনুসারী হতে হবে কিংবা দুই পরাশক্তির অত্যধিক প্রতিক্রিয়ার সঙ্গে ইউরোপকে খাপ খাইয়ে নিতে হবে এমন চিন্তা করাটা মোটেই ভালো কিছু নয়।