আয়ারল্যান্ড সিরিজের আগে সিলেটে ক্যাম্প

দিন কয়েক আগে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, গড়েছে নিজেদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। সামনের মাসে আইরিশদের সঙ্গে আবারও দেখা হবে, তবে এবার ইংল্যান্ডের মাটিতে। এ জন্য সিলেটকেই প্রস্তুতি মঞ্চ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এপ্রিলের শেষেই সিলেটে হবে জাতীয় দলের ক্যাম্প।

সোমবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জালাল বলেন, ‘ঈদের পর সিলেটে একটা ক্যাম্প হবে। খুবই সংক্ষিপ্ত ক্যাম্প। যাওয়ার আগে সেখানে হয়তো দুই-তিন দিনের ছোট ক্যাম্প হবে।’ কেন সিলেটে ক্যাম্প হবে, সেটাও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘সিলেটের উইকেট ও কন্ডিশনের কথা চিন্তা করেই মূলত হেড কোচ ঠিক করেছে সিলেট হলে ভালো। ঢাকার বাইরে কোথাও করার চিন্তা ছিল। ঢাকার বাইরের ভেন্যু হিসেবে সিলেটকেই সবচেয়ে ভালো জায়গা মনে করেছে। এ জন্যই এ জায়গা ঠিক করা হয়েছে ২৬-২৭ তারিখের দিকে।’ ১ মে জাতীয় দল উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। ২ মে প্র্যাকটিসের মাঝে ৫ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’ ওরা (আয়ারল্যান্ড) চেয়েছিল শর্ট করতে। না, আমরা চেয়েছি আরও কয়েক দিন প্র্যাকটিস করতে। এটাও হেড কোচ চেয়েছিল বাড়ানো যায় কি না। সে জন্য আমরা সেখানে কিছু অ্যাড করেছি।’ দল ২ মে গেলেও লিটন ভারত থেকে ইংল্যান্ডে যাবেন ৫ মে। অনুশীলন ম্যাচটি তাই খেলা হবে না এই ব্যাটারের। পরশু রাতে কেকেআরে যোগ দেওয়া লিটন দুদিন বেশি ছুটি চেয়েছিলেন, যা অনুমোদন দিয়েছে বিসিবি। তবে মোস্তাফিজ ঠিক টাইমেই রিপোর্ট করবে। ৯ মে থেকে চেমসফোর্ডে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১২ ও ১৪ মে হবে বাকি দুই ম্যাচ।

সদ্য নিয়োগ পাওয়া সহকারী কোচ নিক পোথাস ইংল্যান্ডেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।