পরবর্তী জাতীয় নির্বাচনে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু ভোটের একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন।
ব্লিঙ্কেন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দৃঢ় হয়েছে। রোহিঙ্গা শরণার্থীর প্রতি বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ। একইসঙ্গে সবচেয়ে বড় বিনিয়োগকারী। বর্তমান শক্তিশালী সম্পর্ক, আগামী ৫০ বছরে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে করণীয় সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।