মোবাইলের ব্যাটারির যত্ন করি

মোবাইলকে সচল রাখে মোবাইলের ব্যাটারি। ভুল ব্যবহারের ফলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় ব্যাটারি। তাই মোবাইলের ব্যাটারি ভালো রাখতে কী করণীয় জানালেন সোহানা রহমান

নিত্যনতুন আপডেটেশন ও ফিচার সংবলিত ফোন বাজারে আনছে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সেগুলো আবার ইউজ অ্যান্ড্র থ্রো নীতিতে বিশ^াসী। তবে মোবাইলের সবচেয়ে কমন সমস্যা ফোনের ব্যাটারি, যখন-তখন মুখ থুবড়ে পড়ছে ডিভাইসগুলো। অন্যদিকে একবার ব্যাটারি নষ্ট হওয়া মানে প্রকৃত ব্যাটারি আর খুঁজে না পাওয়া, যার প্রভাব পড়ে স্মার্টফোনে।

চার্জিংয়ে বসিয়ে ব্যবহার নয় : মোবাইল চার্জে দিয়ে ফোনে কথা বলা কিংবা কোনো অ্যাপ (ফেসবুকিং, ইউটিউবিং, গেমিং ইত্যাদি) ব্যবহার করা, এমন সাধারণ ভুলগুলো অনেকেই করেন। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং ফোনের ক্ষতি হয়। আবার ব্যাটারি ব্লাস্ট হয়ে ঘটতে পারে বিপদ। তাই মোবাইল ফোন ফুল চার্জ করে পোর্ট থেকে খুলে ব্যবহার করুন।

নিয়মমাফিক চার্জিং : আমরা অনেকেই চার্জ শূন্য পার্সেন্ট না হওয়া পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করতেই থাকি আবার শতভাগ চার্জ হওয়ার পরও কিছুক্ষণ পর পর চার্জে বসিয়ে দিই; পারতপক্ষে দুটো দিকই মোবাইল ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। তাই মোবাইল ফোনের চার্জ অন্তত বিশ পার্সেন্ট থাকাকালীন চার্জ দিন এবং শতভাগ হয়ে গেলে চার্জ থেকে খুলে ফেলুন।

সর্বনাশা গেমিং নেশা : মোবাইল ফোন এবং ব্যাটারি টেকসই রাখতে গেমিং বা অযথা ফোন ব্যবহার কমিয়ে দিন। অতিরিক্ত ব্যবহারে মোবাইল গরম হয়ে যায়, ফলে ফোনের ব্যাটারির ওপর বেশ চাপ পড়ে। এমন হলে, কিছুক্ষণের জন্য ফোনটি ব্যবহার থেকে বিরত থাকুন। রিসেন্ট টাস্কগুলো ম্যানুয়ালি বন্ধ করে দিন।

আপডেটে অনীহা : সময়ে সময়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট পাঠাতে থাকে মোবাইল সংস্থা। সেসব আপডেটকে অগ্রাহ্য করার ফলেও ব্যাটারির সর্বনাশ হতে পারে। মোবাইল আপডেটের মাধ্যমে অনেক সিকিউরিটি প্যাচ আপডেট হয়, যা ভাইরাসের হাত থেকে রক্ষা করে মোবাইলটিকে। তাই ফোনটি নিয়মিত আপডেট রাখুন।

যেকোনো চার্জারে চার্জ নয় : হাতের কাছে ব্যবহৃত ফোনের পোর্টের যেকোনো চার্জার পেলে অনেকেই চার্জে বসিয়ে  দেয়, যা মারাত্মক ভুল। লো-কোয়ালিটির বা আনসাপোর্টেড চার্জারে চার্জ দেওয়ার কারণে অনেক সময় মোবাইল ব্যাটারির আয়ু কমে আসে। তাই নির্দিষ্ট চার্জারেই মোবাইল চার্জ দিন সবসময়। ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কাও কমবে।

কোনো কিছুর তলায় চার্জিং নয় : চার্জে দিয়ে বালিশের নিচে কিংবা কোনো একটা কিছুর তলায় রেখে দেওয়া মানে ক্ষতি ডেকে আনা। কারণ চার্জিংয়ের সময় মোবাইল স্বাভাবিকভাবেই গরম হয়ে যায়, আর এ সময় কোনো কিছুর নিচে রাখা মানে আরও গরম হতে সাহায্য করা। এতে ব্যাটারির ক্ষতির পাশাপাশি অতিরিক্ত গরম হয়ে ব্যাটারি ব্লাস্ট, আগুনও লাগতে পারে। ফলে সতর্ক থাকুন।

রাতভর চার্জ নয় : অনেকেই রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জে দিয়ে ঘুমান, এতে ফোন ওভার চার্জ হয়। যদিও এখনকার ফোনগুলোতে শতভাগ চার্জ হয়ে গেলে চার্জ নেওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায়, এতে ফোন গরম হয় না। তারপরও ভালো হয় সারা রাত মোবাইল ফোন চার্জে দিয়ে না রাখা।