কোটি টাকা আত্মসাৎ

অভিযুক্ত সেই শিক্ষা কর্মকর্তাকে শিক্ষক পদে বদলি

কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামকে প্রধান শিক্ষক হিসেবে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছে। গত রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করে শরিফুল ইসলামকে মেহেরপুর সদরের মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলি করা হয়। তার আগে গত ৪ এপ্রিল তার অধীনে থাকা রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহাম্মদ ও বন্দর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফুর রহমানকেও বদলি করা হয়েছে।

গত বছরের মে মাসে নারায়ণগঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত ৪১৪ জন শিক্ষকের এমপিওর ফাইল প্রক্রিয়াকরণের নামে প্রায় কোটি টাকা হাতানোর অভিযোগ ওঠে শরিফুল ইসলামের বিরুদ্ধে। জেলা শিক্ষা অফিসে দুদকের অভিযানের পর এসব তথ্য বেরিয়ে আসে। এ নিয়ে ওই সময় দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, আল্লাহই ভালো জানেন’।

বদলির বিষয়ে কথা বলতে শরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. ইসমত আরা বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামকে প্রধান শিক্ষক হিসেবে বদলির বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি।’