সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে সাড়া জাগানো বিষয় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঘরের কাজ সহজ করা, সময় বাঁচানো-পরিশ্রম কমানোর মাধ্যম হয়ে উঠছে এআই। নানা খাতে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক কাজে আর মানুষের দরকার হবে না এমন আশঙ্কা জাগছে কর্মবাজারে। এমনকি সাংবাদিকতা ও গণমাধ্যম জগতেও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জায়গা নিয়ে নেওয়ার সম্ভাবনা বাড়ছে। চীন, দক্ষিণ কোরিয়ায় এ কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এআই। ২০১৮ সালে চীনের রাষ্ট্রায়ত্ত একটি বার্তা সংস্থা অনলাইনে সংবাদ পাঠের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বানানো উপস্থাপিকা নিয়ে আসে। এআইয়ের বিস্তৃতি দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যেও। এবার এআই ব্যবহার করে ভার্চুয়াল সংবাদ উপস্থাপক তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি সংবাদমাধ্যম। এই উপস্থাপকের মাধ্যমে অনলাইনে সংবাদ বুলেটিন পড়ার পরিকল্পনা করছে সংবাদমাধ্যমটি।
গত শনিবার কুয়েতের ইংরেজি দৈনিক কুয়েত টাইমসের সহযোগী কুয়েত নিউজের টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ফেধা’ নামের এই ভার্চুয়াল উপস্থাপককে পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে দেখা যায়, একজন নারী; শরীরে কালো রঙের জ্যাকেট আর সাদা টি-শার্ট। ছোট এক ভিডিওতে আরবি ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘আমি ফেধা, কুয়েতের প্রথম উপস্থাপক যিনি কুয়েত নিউজে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করেন। আপনি কী ধরনের খবর পছন্দ করেন? আপনার মতামত জানান।’
উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি দৈনিক কুয়েত টাইমস ১৯৬১ সালে যাত্রা শুরু করে। কুয়েত টাইমসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কুয়েত নিউজ। উভয় সংবাদমাধ্যমের প্রধান উপ-সম্পাদক আব্দুল্লাহ বোফতাইন বলেন, ফেধা আসলে ‘নতুন এবং উদ্ভাবনী বিষয় তৈরি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের একটি প্রচেষ্টা।’ তিনি আরও জানান, ভবিষ্যতে ফেধা কুয়েতি উচ্চারণে কথা বলতে পারবে এবং তাদের সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে সংবাদ বুলেটিন উপস্থাপন করবে। টুইটারে কুয়েত নিউজের ফলোয়ার রয়েছে ১২ লাখ। বোফতেন বলেন, কুয়েতের পুরনো এবং জনপ্রিয় একটি নাম ফেধা। এর অর্থ রূপালী বর্ণের। রোবটের ধাতব রঙের সঙ্গেও এর মিল থাকায় আমরা নাম দিয়েছি ফেধা।’