সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো চীনে শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন এবং ‘তার পাছায় চুমু খেয়েছেন’। মঙ্গলবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিযোগ দায়েরের পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারগ্রহীতা টকার কার্লসনকে রিপাবলিকান পার্টির মনোনীত সম্ভাব্য এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভাব হারিয়েছে। তিনি বলেন, ‘আপনি এই উন্মাদ বিশ্ব পেয়েছেন, সব কিছু ভেঙে পড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারেই কোনো মাথা ব্যথা নেই।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার বন্ধু ম্যাঁখো চীনের সাথে জড়িয়ে গেছে। তার পাছায় চুমু খেয়েছে। ঠিক আছে, চীনে! আমি বলেছি, ফ্রান্স এখন চীনে যাচ্ছে।’
গত সপ্তাহে চীনে একটি রাষ্ট্রীয় সফর করেন ফরাসি প্রেসিডেন্ট। সে সময় পলিটিকোর প্রশ্নের জবাবে ম্যাঁখো বলেছিলেন, তাইওয়ানের ভাগ্য নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাপূর্ণ অচলাবস্থায় ইউরোপীয় দেশগুলোর আটকে পড়া উচিত নয়।
এদিকে ম্যাঁখোর চীন সফর নিয়ে কঠোর বক্তব্য রাখলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি একজন মেধাবী মানুষ। আপনি যদি হলিউডে প্রেসিডেন্ট শি’র চরিত্রে অভিনয়ের জন্য কাউকে খুঁজতে যান, তাহলে আপনি তাকে খুঁজে পাবেন না।’
সূত্র : পলিটিকো