বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের ২ কোটি টাকা অনুদান: মেয়র তাপস

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে নিজস্ব তহবিল থেকে দুই কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যবসার উদ্বোধনীতে তিনি এ ঘোষণা দেন।

মেয়র শেখ তাপস বলেন, আমরা করপোরেশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে গঠিত তহবিলে করপোরেশন নিজস্ব অর্থ থেকে দুই কোটি টাকা অনুদান হিসেবে দেব।

তিনি বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী আজ (বুধবার) থেকে ক্ষতিগ্রস্তরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারছে। আমার রোববারে ব্যবসায়ী ও দোকান মালিক সমিতিসহ সংশি­ষ্ট সব নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল ঈদের আগে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে আবার ব্যবসা শুরু করতে পারেন। তাদের পুনর্বাসন যেন করা যায়। সেই লক্ষ্য নিয়ে ঢাদসিক কাজ শুরু করেছে।

তিনি আরো বলেন, সোমবার ভোর থেকে ২৪ ঘণ্টার মধ্যেই আগুনে পুড়ে যাওয়া কয়েক হাজার মেট্রেন টন বর্জ্য আমরা পরিষ্কার করেছি। রাতের মধ্যে আমরা ইট বিছিয়ে দিয়েছি। এ প্রতিকূল অবস্থার মাঝেও আমরা স্থির করেছিলাম ৪৮ ঘণ্টার মধ্যেই যেন আমাদের ব্যবসায়ীরা আবার ফিরে আসতে পারেন। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি এবং আল্লাহর রহমতে করপোরেশনের সংশি­ষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতায় আজ (বুধবার) সকাল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পেরেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অনুদান নিয়ে এগিয়ে আসা মানুষ ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, এফবিসিসিআই, ডিসিসিআই, প্রবাসী বাংলাদেশীসহ দেশের নানা প্রান্ত থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এটাই বাঙালি জাতির সবচেয়ে বড় ঐক্যের জায়গা। দুর্যোগকালে আমরা একে অপরের পাশে দাঁড়াই, একে অপরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সহায়তার হাত বাড়িয়ে দিই। আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গরূপে পুনর্বাসনের লক্ষ্যে মার্কেটগুলোর দোকান মালিক সমিতি, এফবিসিসিআই, ডিসিসিআইসহ সংশি­ষ্ট সবাইকে নিয়ে ঈদের পরে বৈঠক করা হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, ঢাদসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।