সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করার পর কোচকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর কোচের সঙ্গে রোনালদোর সম্পর্ক নিয়ে এমনই খবর গণমাধ্যমে।
এরই মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের খবর, আল নাসর নাকি হোসে মরিনহোকে কোচ হিসেবে চাইছে। এ জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ১০০ মিলিয়ন ইউরোর।
২০১০-১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে হোসে মরিনহোর জুটিটা দারুণ জমেছিল। ক্লাব ফুটবলে মরিনহো-রোনালদো জুটি ফের দেখা যেতে পারে।
এএসের খবর অনুযায়ী, আল নাসর মরিনহোকে দুই বছরের জন্য ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে। এটি হলে মরিনহো বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবল কোচে পরিণত হবেন।
তবে মরিনহোকে পেতে হলে অপেক্ষা করতে হবে অন্তত্য গ্রীষ্মের দল-বদল পর্যন্ত। রোমার সঙ্গে এই পর্তুগিজ কোচের চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত।
মরিনহো সিরি আ'র ক্লাব এএস রোমাকে সবশেষ মৌসুমে জিতিয়েছেন উয়েফা কনফারেন্স লিগের শিরোপা, যা ইউরোপিয়ান আসরে ক্লাবটির প্রথম কোনো শিরোপা।
মরিনহো রোমাকে সিরি আ'য় সেরা চারে রেখে মৌসুমে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিতে চান। বর্তমানে লিগ টেবিলে তিনে আছে রোমা।