ভারতের পাঞ্জাবে সেনাঘাঁটির ভেতরে গুলি, নিহত অন্তত ৪

ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনাঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। আর সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে ওই দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কুর্তা-পাজামা পরা দুই সন্দেহভাজনের একজন ভারতীয় সেনাবাহিনীর খোয়া যাওয়া রাইফেল এবং আরেকজন কুঠার দিয়ে এ হামলা চালায়। তারা দুজনেই মুখোশ পরা ছিল। দেশটির রাজধানী দিল্লি থেকে ৬ ঘণ্টার দূরত্বে অবস্থিত এই ঘাঁটির ভেতর থেকে দুইদিন আগে একটি ইনসাস রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি খোয়া যায়। ভারতীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ঘটনা তদন্ত করছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।