বাপ্পীর ‘শত্রু’ নিয়ে হল মালিকদের আগ্রহ

ঈদের সিনেমার তালিকায় সর্বশেষ যোগ হলো অনেক সুপারহিট ছবি উপহার দেওয়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিগ বাজেটের সিনেমা ‘শত্রু’। ছবিটি নিয়ে বাপ্পী ভক্তদের উৎসাহ তো রয়েছেই, এরই মধ্যে হল মালিকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সুমন ধর পরিচালিত ছবিটিতে বাপ্পীর সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। ‘শত্রু’ একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে বাপ্পী একজন পুলিশ অফিসার। তার চরিত্রটির নাম দুর্জয়। দুর্জয় সবসময় চেষ্টা করে দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল থাকে। মাদক নিরাময়ে সে জনমত গড়ে তোলার চেষ্টা করে। মাদকের আখড়া নিধনের জন্য তাকে জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক সব অপারেশন করতে হয়। এসব দৃশ্যে যে অ্যাকশন রয়েছে তা দর্শকের ভালো লাগবে বলে জানান বাপ্পী। কাজের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘ভীষণ কষ্টকর ছিল কাজটি। তবে গল্প আর চরিত্রটি এত এক্সাইটিং যে, কাজ করতে মন থেকে খুব উৎসাহ পেয়েছি। পুলিশ বাহিনী নিয়ে আমাদের সমাজে নানা ভয়ভীতি বা বাজে ধারণা রয়েছে। কিন্তু আমি কাজ করতে গিয়ে জেনেছি নানা আসলে কতটা কষ্ট করে। তাই পুলিশের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে। শারীরিক পরিশ্রমই বেশি ছিল। তবে মানসিকভাবে কিন্তু একজন পুলিশ অফিসারকে সবসময় সজাগ থাকতে হয়, দূরদর্শী ও সাহসী হতে হয়। নয়তো তিনি তার কর্তব্য ঠিকমতো পালন করতে পারেন না। এসব কারণে পুলিশদের আমি স্যালুট জানাই। তারা না থাকলে দেশটা এত নিরাপদ হতো না।’

দীর্ঘদিন পর ঈদে নিজের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে বাপ্পী বলেন, ‘৭ বছর আগে ঈদে আমার ছবি মুক্তি পেয়েছে। এতদিন পর আবারও ঈদের মতো বড় উৎসবে আমি ছবি নিয়ে আসছি দর্শকের সামনে। ভাবতে ভালো লাগছে যে, অনেক দেরি করে হলেও ঈদে এমন একটি ছবি নিয়ে আসছি, যে ছবিটি দুর্দান্ত। বিগ বাজেটের ছবি, জমজমাট গল্প, নতুন একটি জুটি, সুন্দর কিছু গান আর আমাদের সবার অতি যতে্ন নির্মিত হয়েছে ছবিটি। এমন ছবিই ঈদের মতো আনন্দঘন উৎসবে দর্শক হলে গিয়ে দেখতে চায়। ৭ বছর আগে ঈদের পর্দায় এসে যেমন সফল ছিলাম, এবারও তেমনি সফলতা আসবে আশা করি। কারণ আমার ভক্তদের প্রতি বরাবরই আমি বিশ্বাসী। ফলে কোনো ভয়-ভীতির প্রশ্নই নেই। আমি বরং খুব এক্সাইটেড ঈদে আমার ছবি আসছে দেখে।’

ঈদে শাকিব খান থেকে শুরু করে অনন্ত জলিল, সাইমন সাদিকসহ আরও অনেক নায়কের সিনেমা আসবে বলে শোনা যাচ্ছে। এত ছবির ভিড়ে শত্রু নিয়ে আপনার প্রত্যাশা কতখানি? জানতে চাইলে সুদর্শন নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘শত্রু নিয়ে আমার প্রত্যাশা তুঙ্গে। ঈদে অন্য যে ছবিগুলো মুক্তি পাবে তার মধ্যে আমারটিই ভালো যাবে বলে আমি বিশ্বাস করি। তার কিছু কারণ আছে। ঈদের অন্য ছবিগুলো বেশ আগে থেকেই মুক্তির ঘোষণা দিয়েছে। আমারটা বরং শেষ মুহূর্তে এসে ঘোষণা এসেছে। তারপরও হল মালিকদের আগ্রহ প্রবল। এমনকি অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমার ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে টাইগার মিডিয়ার মতো প্রতিষ্ঠিত  কোম্পানি।

অন্য ছবিগুলোকে কি প্রতিদ্বন্দ্বী ভাবছেন? নায়কের ভাষ্য, ‘আমি চাই সবার ছবিই চলুক। কারণ আমি নোংরামি পছন্দ করি না। সুস্থ প্রতিযোগিতা আমার পছন্দ। তবে আমি অন্যদের ছবি নিয়ে একদমই ভাবছি না। যেহেতু আমার ছবিটি প্রচারণার জন্য সময় কম পেয়েছে অন্যদের থেকে, তাই আমাকে এই অল্প দিনের মধ্যে যত বেশি দর্শকের কাছে সম্ভব হয় ছবিটি পৌঁছে দিতে চাই। এ জন্য আগামী কয়েক দিন প্রচ- ব্যস্ততার মধ্যে কাটবে। পরিশ্রম হবে, কিন্তু দর্শকের জন্যই তো পরিশ্রমটা করব। ফলে আমার কোনো খারাপ লাগা কাজ করছে না। তাদের ভালোবাসা সিনেমা হলে গিয়ে তারা ফিরিয়ে দেবেন বলে আমার বিশ্বাস।’

আপনার ছবির মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে, যা দর্শককে হল পর্যন্ত নিয়ে যেতে পারে? বাপ্পী বলেন, ‘আমি জানি আমার ছবির জোর কতটা। আমার অনেক হিট সিনেমা আছে, আমি আশাবাদী, শত্রু ছবিটিও একটি হিট ছবির তালিকায় জায়গা করে নেবে। কারণ অনেক দিন ধরে প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ছবি বলতে যা বোঝায় সেটি আসছে না। তাই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই আগের মতো ছবি দেখতে। যাতে তারা একসঙ্গে একটি ভালো গল্প পাবে, বিগ বাজেটের ছবি পাবে, প্রেম ভালোবাসা, নাচ-গান সব বিনোদনই পাবে। পুরোদমে মাসাল ছবি বলতে যা বোঝায় শত্রু তেমনি একটি ছবি।’