প্রথমার্ধে করিম বেনজেমার পর দ্বিতীয়ার্ধে জাল খুঁজে নিলেন মার্কো আসেনসিও। সুবাদে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ সহজেই জিতে সেমিফাইনালে পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে ২-০ গোলে জয় তুলে নেয় রিয়াল। ২১তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ৭৪ মিনিটে ২-০ করেন আসেনসিও।
প্রথমার্ধে কিছুটা লড়াই করা চেলসি দ্বিতীয়ার্ধের শুরুতে বেন চিলওয়েলকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয়। এরপর আর তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা।
সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না চেলসির। এরমধ্যে প্রথম লেগের এই ব্যবধান ঘুচিয়ে সেমিতে জায়গা করে নেওয়াটা তাদের জন্য কঠিনই বলতে হবে। যদিও আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগের খেলাটা হবে তাদের ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে।
এদিন দিনের অন্য ম্যাচে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান।