চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানের বরজ। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
স্থানীয়রা জানান, খাদিমপুর-বানাত খাল, শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টা খেত থেকে আগুনের সূত্রপাত। তারপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠে। এতে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও পান বরজ পুড়ে গেছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুয়াডাঙ্গা থেকে দুইটি ও আলমডাঙ্গা থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুই ঘণ্টা পর মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর জানান, প্রাথমিক হিসেবে জানা গেছে- আগুনে পুড়ে যাওয়া পানবরজ রয়েছে অন্তত ৩০০ বিঘার। এ ছাড়া ১০-১২ বিঘার জমির ভুট্টা রয়েছে। তবে এখনও পুরোপুরি ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।