পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইন পেমেন্টের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ হতে ভূমি উন্নয়ন কর অনলাইন তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর আদায়ের সেবাকে ক্যাশলেস হিসাবে পূর্ণাঙ্গভাবে ডিজিটালরূপে বাস্তবায়নে সকল ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্তাসমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ভূমি মালিক হিসেবে ভূমি উন্নয়ন কর পরিশোধে land.gov.bd ওয়েব পোর্টালে নাগরিক নিবন্ধনপূর্বক ভূমি উন্নয়ন কর পরিশোধ করে অনলাইনে দাখিলা সংগ্রহ করুন। বিস্তারিত জানতে ১৬১২২ নম্বরে কল করুন (বিদেশ থেকে +৮৮০৯৬১২৩১৬১২২) অথবা সরাসরি মেসেজ পাঠান www.facebook.com/land.gov.bd ফেসবুক পেজে।