চেলসির বিপক্ষে এবারও বেনজেমা

করিম বেনজেমার মাইলফলকের রাতে ২­০ গোলে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছেন বেনজেমা ও মার্কো আসেনসিও।

সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগ শুরুর আগে থেকেই বেনজেমা আলোচনায় ছিলেন। গত বছরের চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-চেলসি। সেবার প্রথম লেগে হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে চেলসি জিতেছিল ঠিকই (৩-২), তবে ৯৬ মিনিটে গোল করে রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে সেমিতে নিয়েছিলেন বেনজেমাই।

বুধবার খেলা শুরুর বাঁশি বাজতে একটি মাইলফলকও স্পর্শ করেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ এখন বেনজেমার (১৩০টি)। পেরিয়ে গেছেন সার্জিও রামোসকে, সামনে শুধু ইকার ক্যাসিয়াস (১৫০)। ২১ মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন বেনজেমা। তার গোল লিড নেয় রিয়াল। এ গোলও আরেক মাইলফলক। ইউরোপ-সেরার মঞ্চে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এটি বেনজেমার ২০তম গোল। এর চেয়ে বেশি গোল আছে শুধু লিওনেল মেসির (২৭)। চ্যাম্পিয়নস লিগে এটি বেনজেমার ৯০তম গোল। শেষ ১১ গোলই বেনজেমা করেছেন ইংলিশ ক্লাবের বিপক্ষে।

চেলসির বিপক্ষে গোলটি কাতার বিশ্বকাপের পর তার ১৮তম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপের পর এর বেশি গোল আর কারও নেই। সমান ১৮টি আছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ সামাল দিতে গিয়ে ৫৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। বল নিয়ে ডি বক্সে ঢুকতে যাওয়া রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। বদলি নামা আসেনসিও অপ্রস্তুত চেলসি গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ৭৪ মিনিটে।

চেলসি পিছিয়ে দুই গোলে। তবে স্টামফোর্ডে ঘুরে দাঁড়াতে পারে তারা। গেলবার প্রথম লেগে ১-৩ গোলে হারের পর বার্নাব্যুতে ৩-২ এ জিতেছিল রিয়াল। তাই আশাবাদী ল্যাম্পার্ড, ‘স্টামফোর্ড ব্রিজে বিশেষ কিছু হতে পারে। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। কখনো কখনো আত্মবিশ্বাস, তা ব্যক্তিগত হোক বা দলের, আপনি যদি কাজ চালিয়ে যান তবে কিছু পরিবর্তন হতে পারে। দরজা খোলা আছে। এটা এখন আমাদের ওপর নির্ভর করে যে এটাকে লাথি মেরে খুলতে হবে। বিশ্বাসের কিছুটা অভাব আছে। খেলোয়াড়রা জানে না তারা কতটা ভালো। আগামী সপ্তাহে বড় লড়াই হবে।’

ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ঘরের মাঠে সুবিধা পাওয়ার লক্ষ্য ছিল এবং সেটা করতে পেরেছি। তবে এরপরও আমাদের ভুগতে হতে পারে। কারণ চেলসি ভালো দল, ওদের অনেক ভালো ফুটবলার আছে। আরও ৯০ মিনিট লড়াই করতে হবে।’ মঙ্গলবার রাতে স্টামফোর্ডে হবে দ্বিতীয় লেগ।

বুধবার রাতে আরেক কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল ইতালির দুই ক্লাব। ঘরের মাঠে এসি মিলান ১-০ তে হারিয়েছে নাপোলিকে। ম্যাচের ৪০ মিনিটে গোল করেন ইসমাইল বেনাসের। ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাপোলির ফ্রাঙ্ক জাম্বো। তবে নাপোলি দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারে। একে তো ঘরের মাঠ তার ওপর চেনা প্রতিপক্ষ। এ দুটি বিষয়ই আশা দেখাচ্ছে নাপোলি সমর্থকদের।