পঞ্চগড়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মেরে ফেলার হুমকির ঘটনায় পঞ্চগড়ে মামলা হয়েছে।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাব রেজিস্ট্রারসহ ৭ জনের নামে আটোয়ারী থানায় ১৩ এপ্রিল রাতে এ মামলা দায়ের হয়। এটিএন বাংলা ও এটিএন নিউজের পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন সাব রেজিস্ট্রার মিজানুর রহমান, তার সহযোগী জিয়ারুল ইসলাম, ইসলাম ইসলাম, গোলাম উদ্দীন, জাহেরুল ইসলাম, রুস্তম আলী, মিজারুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জন ।

উল্লেখ্য আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের ব্যাপক অনিয়ম, ঘুষ বাণিজ্য আর দুর্নীতির অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে লাঞ্ছিত ও হেনস্তা, মারধর আর হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।