শেহনাজের ব্লক লিস্টে সালমান, আসলে যা ঘটেছিল

বলিউড মেগাস্টার সালমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। আর সেই সালমান খানের ফোন নম্বরই ব্লক করে দিয়েছিলেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা’। সম্প্রতি একটি কমেডি শোতে এ বিষয়ে মুখ খোলেন শেহনাজ।

তিনি জানান, বিগ বসে প্রথম দিন থেকেই সালমানের পছন্দের পাত্রী ছিলেন তিনি। ফলে নিজেকে ‘পাঞ্জাবের ক্যাটরিনা’ বলে দাবি করতেন। তবে এসব পরিচয় এখন অতীত। নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়েছে তার। তাহলে যার জন্য বড় পর্দায় সুযোগ পেলেন, সেই সালমানের ফোন নম্বরই বা ব্লক করেছিলেন কেন?

শেহনাজ বলেন, অমৃতসরে গিয়েছিলেন একবার। সে সময় তাকে ফোন করেছিলেন সালমান। কিন্তু নম্বরটি অচেনা হওয়ায় বিরক্ত হয়েছিলেন তিনি। কথা শোনার আগে সোজা নম্বরটাই ব্লক করে দেন।

শেহনাজ বলেন, আমার এমন স্বভাব আছে। অচেনা নম্বর থেকে ফোন আসছে দেখলেই ব্লক করে দিই। তা ছাড়া সেই সময় আমি গুরুদ্বারে ছিলাম বলে একটু বিরক্ত হই। পরে একটা নম্বর থেকে মেসেজ আসে, সালমান খান তোমাকে ফোন করছিলেন। সঙ্গে সঙ্গে ট্রু কলারে নম্বর দিতেই দেখি সালমান খানের নম্বর। তারপর নিজেই ফোন করি।