রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৯টা ৫৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করছে। সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু ৮টা ৫৫ মিনিটের দিকে আবারও প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। আবারও সব পুড়ে ছাই হওয়ার সংশয়ে পড়েন ব্যবসায়ীরা।