সম্প্রীতির পানি খেলায় শেষ হলো সাংগ্রাই

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই। গতকাল শনিবার ঐতিহ্যবাহী পানি খেলার মধ্য দিয়ে শেষ হয় মারমাদের পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর এ উৎসব। গত বৃহস্পতিবার বান্দরবান শহরের রাজার মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, পার্বত্য জেলা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয় ও বান্দরবান উৎসব উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এ বছরের সাংগ্রাই উৎসব শুরু হয়।

এবারের সাংগ্রাই উৎসবে সাঙ্গু নদীতে বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনা, পানি খেলা, পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বালন, বয়স্ক পূজা এবং সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য-গান নানাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর মধ্যে গতকাল উৎসবের শেষ দিন বিকেলে হয় মূল আকর্ষণ পানি খেলা। বেলা সাড়ে তিনটার দিকে ‘মৈত্রী পানি বর্ষণ’ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এর পর পরই মারমা তরুণ তরুণীরা একে অপরকে সাজোয়া নৌকা থেকে পানি ছোড়ার উৎসবে মাতে।

অনুষ্ঠানস্থলে আসা উঠিংনু মারমা জানান, বন্ধুবান্ধবীদের সঙ্গে গ্রাম থেকে এসেছি। অনেক আনন্দ করছি। একে অপরকে পানি ছিটাচ্ছি। আর গানের সঙ্গে সঙ্গে নাচ করছি। অন্যরকম অনুভূতি। বলে বোঝানো যাবে না।

গানের তালে তালে বান্ধবীদের সঙ্গে নৃত্য করতে করতে ডাউনু মার্মা বলেন, খুব ভালো লাগছে। সবাই একই কালারের পোশাক পরেছি। এখন নাচ করছি।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, শান্তিপ্রিয় এলাকায় অশান্তি হচ্ছে কেন। এক্ষেত্রে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। গ্রামে, গঞ্জে, শহরের সবাইকে এ সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। ভয় নেই।