সিন্ডিকেটের পকেট ভরতেই সারের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল শনিবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তারা। এ সময় সারের দাম কমানো ও সরাসরি কৃষকের কাছ থেকে পর্যাপ্ত ধান ক্রয়ের দাবি জানান দলটির নেতারা। সমাবেশে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, সিন্ডিকেটের পকেট ভরতেই সারের দাম বাড়ানো হয়েছে। সরকার হচ্ছে এই সিন্ডিকেটের পাহারাদার। এখন সময় হয়েছে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত একটি কৃষক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। পৃথিবীতে করোনাকালে যে অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয় বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারের উচিত কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।