নাসির পেলেন শতক, জিতল প্রাইম ব্যাংক

বিপিএল থেকেই নিজের জাত চেনানো শুরু করেছিলেন নাসির হোসেন। তার দল ঢাকা ডমিনেটরস না পারলেও হেসেছিল তার ব্যাট। সেই ধারাবাহিকতা বজায় আছে ঢাকা প্রিমিয়ার লিগেও। প্রাইম ব্যাংকের হয়ে আজ তিনি পেয়েছেন শতকের দেখা। তার দল প্রাইম ব্যাংকও মাঠ ছেড়েছে জয় নিয়ে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। আগের ব্যাট করে ৪ উইকেটে ২৭৩ রান করে অগ্রণী ব্যাংক। জবাবে নাসিরের সেঞ্চুরিতে ২০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।

টস হেরে ব্যাট কতে নেমে উসমান খান, সাদমান ইসলাম ও জহুরুল ইসলামের ফিফটিতে লড়াকু পুঁজি পায় অগ্রণী ব্যাংক। ৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করেন সাদমান। ৫৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান আসেন জহুরুলের ব্যাট থেকে। ৯১ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান করেন উসমান। এছাড়া মার্শাল আইয়ুব অপরাজিত ৩৪ ও আবু হায়দার রনি অপরাজিত ৩৬ রান করেন।

লক্ষ্য তাড়ায় শুরুতেই প্রান্তিক নওরোজ নাবিলের উইকেট হারালেও শাহাদাত হোসেন ও মোহাম্মদ মিঠুনের ৭৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক। এরপর দ্রুত এ দুই ব্যাটার ফিরে গেলে মুশফিকুর রহিমের সঙ্গে ১১১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন নাসির। ৯৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১২ রান করেন এ ব্যাটার। ৬১ বলে ১টি করে চার ও ছক্কায় ৫৩ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ৫৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন মিঠুন।