সুদানে তিন কর্মী নিহত, কার্যক্রম বন্ধ করল ডব্লিউএফপি

সুদানে তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় দেশটিতে সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। রবিবার (১৬ এপ্রিল) তারা এ ঘোষণা দেয়।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এক বিবৃতিতে বলেছেন, যখন আমরা ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছি, তখন সুদানে সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হচ্ছি।

তিনি বলেন, ডব্লিউএফপি ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন সুদানের জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের দল এবং অংশীদারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত না হলে আমরা জীবন রক্ষার এই কাজ করতে পারব না।

জানা গেছে, উত্তর দারফুরের কাবকাবিয়ায় সংঘর্ষে ডব্লিউএফপির তিন কর্মী নিহত এবং দুজন আহত হয়েছেন। সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, নিহত তিনজনই সুদানের নাগরিক।

ক্ষমতা ভাগাভাগি নিয়ে সেনাবাহিনী ও আরএসএফের সৃষ্ট দ্বন্দ্বে বর্তমানে উত্তাল সুদান। ইতোমধ্যে দেশটির রাজধানীসহ বিভিন্ন জায়গায় অন্তত ৫৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০০ জনেরও বেশি।