টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আবদুল জলিলের (৪২) মৃত্যু হয়েছে। ক্যারম খেলা নিয়ে পুরনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ক্যারম খেলা নিয়ে শিহাবউদ্দিন ও নোমান মিয়ার সঙ্গে তাদের মামা আবদুল জলিলের বিরোধ তৈরি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সঙ্গে মারামারি বাধে। শনিবার ইফতারের আগমুহূর্তে আবদুল জলিলের দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে ভাগ্নের ছুরিকাঘাতে আবদুল জলিল ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচ দিন পর গহিন গজারি বন থেকে আবদুল বারেক (৭০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি আংশিক শিয়ালে খেয়েছে বলেও ধারণা করা হচ্ছে। গতকাল রবিবার সকালে মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের নাককুরচালা এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।
পরিবার ও স্বজনরা বলছেন, বেশ কিছুদিন ধরেই আবদুল বারেক মানসিক চাপে ভুগছিলেন। গত ১১ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। তবে পুলিশ বলছে, মরদেহের কাছে বিষের বোতল পাওয়া গেছে।