বিশেষ ম্যাচে জয়হীন বার্সা

পরিবেশ দূষণের কথা ভেবে বিমান বাদ দিয়ে রেল পথ বেছে নিয়েছিল বার্সেলোনা। ট্রেনে করেই মাদ্রিদে পৌঁছায় তারা। ৫০৬ কিলোমিটারের দীর্ঘ পথ ক্লান্তির ছাপ তাই পড়েছে খেলায়। জাভি হার্নান্দেজের শিষ্যরা জয় বঞ্চিত থেকেছে ‘পুচকে’ ক্লাব হেতাফের সঙ্গে।

লা লিগাসহ সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সা। এর আগে লিগ ম্যাচেই জিরোনা ও কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে জালের দেখা পায়নি জাভির দল।

এ ড্রয়েও অবশ্য তেমন ক্ষতি হয়নি বার্সার। রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষেই থাকল তারা। ২৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে কার্লো আনচেলত্তির দলের ৬২।

পুরো ম্যাচে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারা বার্সা দারুণ দুটি সুযোগ পেয়েছিল প্রথমার্ধেই। কিন্তু দুই উইঙ্গার আলেহান্দ্রো বালদে ও রাফিনিয়ার শট পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয় তাঁদের।

হেতাফের ‘ডেডলক’ ভাঙতে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডিফেন্ডার জার্দি আলবাকে তুলে নিয়ে দুই ফরোয়ার্ড আনসু ফাতি ও ফেরান তোরেসকে নামান জাভি। ৬৮ মিনিটে মাঠে নামার মধ্য দিয়ে বার্সার হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ফাতি। তবে বিশেষ দিনে দলকে জেতাতে পারেননি।

৮৭ মিনিটে আবার রাফিনিয়াকে তুলে নিয়ে মিডফিল্ডার পাবলো তোরেকে নামান জাভি। বিষয়টা মোটেও পছন্দ হয়নি রাফিনিয়ার। ডাগআউটে বসার আগে রেগে গিয়ে কিছু একটা ছুঁড়ে মারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

গোলের সেরা সুযোগটা সৃষ্টি করেছিল হেতাফেই। শেষ দিকে রোনাল্‌দ আরাউহোর ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বার্সা। কিন্তু বোর্হা মাইয়োরালের শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়।