ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল রবিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (ফেব্রুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যদের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ির নিরাপত্তা বাড়াতে টহল জোরদার করার নির্দেশও দেওয়া হয়।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোনো ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য সভায় নির্দেশনা দেওয়া হয়।