ধন-সম্পদে পবিত্রতা ও বরকত লাভ

জাকাত ইসলামের মূল ভিতের অন্যতম একটি। এটি আবশ্যকীয় আর্থিক ইবাদতের অন্তর্ভুক্ত। আর ভিত বলা হয় ওই বস্তুকে যাকে নির্ভর করে মূল বস্তুটি গড়ে ওঠে। জাকাত শব্দটি আরবি। এর অর্থ হলো পবিত্র করা। যেহেতু এটি মানুষের ধন-সম্পদকে পবিত্র করে বরকতময় করে তোলে, তাই একে পরিভাষায় জাকাত বলা হয়।

মুসনাদে আহমদের বর্ণনা, আনাস (রা.) বলেন, এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমি সম্পদশালী ও আমার আত্মীয়-স্বজনও অনেক। আর আমি শহরে বাস করি। আমাকে বলুন, কিভাবে নিজের সম্পদ ব্যয় করব? তিনি বলেন, জাকাত আদায় করবে। কারণ জাকাত হলো সম্পদের পবিত্রতা, তা তোমাকে পবিত্র করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। অসহায়, মিসকিন, প্রতিবেশী ও অভাবীদের হকের প্রতি লক্ষ্য রাখবে। (মুসনাদে আহমদ, হাদিস : ১২৩৯৪)