রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলামকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন- উপ-পরিচালক (পরিকল্পনা কোষ) বাবুল চক্রবর্তী, পলাশী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, সংশ্লিষ্ট এলাকার ওয়ারহাউজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা। সদস্য সচিব হিসেবে রয়েছেন, জোন-১ এর উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান।
নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। এরপর চলে ড্যাম্পিংয়ের কাজ। ২৭ ঘণ্টা পর রোববার সকালে পুরোপুরি নির্বাপণ করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডিএসসিসি মালিকানাধীন তিন তলা এই মার্কেটে পোশাকের দোকানই বেশি ছিল। এর পাশাপাশি ছিল ব্লক-বুটিক, কার্পেট, ক্রোকারিজের দোকান।
মার্কেটটির ব্যবসায়ীদের হিসাবে সেখানে প্রায় ৬০০ দোকান পুড়েছে। আগুনের তাপ ও আগুন নেভানোর জন্য ব্যবহৃত পানিতে আরও একশ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন তলা ওই মার্কেটে দোকান ছিল সব মিলিয়ে প্রায় ১৩শ।