স্পর্শিয়ার ঈদ ওটিটিময়

ছোটপর্দা দিয়ে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া একটা সময় টেলিভিশনকে না বলেছিলেন। এরপর তিনি শুধু কাজ করেছেন সিনেমায়। ‘কাঠবিড়ালি’, ‘নবাব এলএলবি’, ‘আবার বসন্ত’র মতো সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এখন অবশ্য ছোট আর বড়পর্দাকে আলাদা করার কিছু নেই। কারণ এখন সব তারকাই সব জায়গায় মিলেমিশে কাজ করছে। বিশেষ করে ওটিটি আসার পর থেকে সিনেমার তারকাদেরও দেখা যাচ্ছে ছোটপর্দায়। তাইতো এবার স্পর্শিয়াকেও দেখা যাবে শুধুমাত্র ছোটপর্দায়। ওটিটির দুটি কাজ মুক্তি পাবে তার। এর মধ্যে একটি আরটিভি ও আরটিভি প্লাসে, অন্যটি বঙ্গতে।

আরটিভির নিজস্ব প্রযোজনা ‘এখানে নোঙর’-এ স্পর্শিয়ার বিপরীতে প্রথমবার কাজ করেছেন আদর আজাদ। এতে জাহাজের সারেংয়ের চরিত্রে দেখা যাবে আদরকে। চরিত্রের নাম আলতামাস। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ও চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন মেহেদী রনি। অন্তর্জালে তাদের নতুন লুক প্রকাশের পর প্রশংসা কুড়িয়েছে। স্পর্শিয়া বলেন, ‘ওয়েব সিরিজটির গল্পটি দারুণ। গতানুগতিক গল্প নয়। আলতামাস বছরে চার বার তার বালুর জাহাজ কাউখালিতে নোঙর করে। এই নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প। এটা মূলত থ্রিলার। তবে খুব সহজ-সরলভাবে গল্পটি এগিয়ে যায়। ফলে ঈদের আনন্দময় পরিবেশে দর্শক কাজটি দেখতে বসলে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ কাজের অভিজ্ঞতা জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘গল্পটি যেমন ভালো, তেমনি সময় নিয়ে খুব যত্ন সহকারে কাজটি করছেন নির্মাতা। আমি পাঁচ দিন শ্যুটিং করেছি মানিকগঞ্জে। কাজ করার পর অনুভূতি খুব ভালো। কিন্তু প্রচন্ড ঠান্ডা কাজ করতে গিয়ে শরীরের ১২টা বেজে গিয়েছিল। আমার চেয়ে বেশি কষ্ট হয়েছে আদরের। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে, বঙ্গতে মুক্তি পাবে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাচের সিরিজ ‘ওপেন কিচেন’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন তার পুরনো বন্ধু টয়া, শাওন, তামিম মৃধা। আরও দেখা যাবে আরশ খানকে। এই কাজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সত্যি খুব ভালো লেগেছে কাজটি করে। কারণ অনেকদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। যখন নিয়মিত টিভি নাটক করতাম তখন এ ধরনের রোমান্টিক কমেডি নাটকে কাজ করতাম। এরপর শুধু সিরিয়াস গল্পই বেশি করা হয়। তাই শ্যুটিং করতে গিয়ে শুরুতে একটু জড়তা কাজ করছিল। কিন্তু দু-একদিন পর সব ঠিক হয়ে যায়। অনেক মজা করেই কাজ করেছি। গল্পটি তিন বন্ধুর। পরে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়। আমার চরিত্রের নাম দীপা। যে একদিকে যেমন মজার মেয়ে, ছেলেদের সঙ্গে একটু আধটু ফ্লার্ট করতে পছন্দ করে, অন্যদিকে নিজের কাজের ব্যাপারে সিরিয়াস।’

মুক্তির অপেক্ষায় আছে স্পর্শিয়ার ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ ছবি দুটি। সম্প্রতি হইচইতে মুক্তি পাওয়া অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।