গাজীপুরে জাপার মেয়র প্রার্থী নিয়াজ উদ্দিন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে কো-চেয়ারম্যানদের বৈঠক শেষে পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

জাপা মহাসচিব বলেন, সিটি করপোরেশনের নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন যদি সিটি করপোরেশন নির্বাচনগুলো নিরপেক্ষ করতে না পারে, মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত না হয়, সে ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ভাববে জাপা। তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনই ইঙ্গিত করবে জাতীয় নির্বাচন কেমন হবে। জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতার পালাবদলের নির্বাচন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হয়।