মার্কিন অভিযানে সিরিয়ায় শীর্ষ আইএস নেতা নিহত

মার্কিন বাহিনীর অভিযানে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছে মার্কিন সেনাবাহিনী।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, সোমবার ভোরে হেলিকপ্টার দিয়ে অভিযান চালানোর সময় নিহত হন আবদ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলী। অভিযানের মূল লক্ষ্যই তিনি ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

সোমবার সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা আল জাজিরা।

বিবৃতিতে তাকে "মধ্যপ্রাচ্য এবং ইউরোপে সন্ত্রাসী হামলার মূলপরিকল্পনাকারী এবং আইএস নেতা" হিসাবে বর্ণনা করা হয়। অভিযানে গ্রুপের অন্য দুই সদস্যকেও হত্যা করা হয়েছে বলে জানানো হয়। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আইএস বিদেশে কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী।

মাত্র দুই সপ্তাহ আগেই সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়াদ আহমেদ আল জাবুরিকে হত্যা করে মার্কিন বাহিনী। সে সময় জানানো হয়, জাবুরি ইউরোপ ও তুরস্কে হামলার পরিকল্পনার জন্য দায়ী।