ডা. জাফরুল্লাহ স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রের দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের সকল উপকেন্দ্র এবং সাভার-ধানমন্ডি নগর হাসপাতালসহ দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বাদ আছর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৬ষ্ঠ তলা মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ধানমন্ডি ৪/এ আল আসকা মসজিদের সহকারী ইমাম মাওলানা আনিসুর রহমান। দোয়া মাহফিল ও মোনাজাতের পর ইফতারের ব্যবস্থা করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর একমাত্র কন্যা বৃষ্টি চৌধুরী, একমাত্র ছেলে বারিশ হাসান চৌধুরী, ভাই বোনের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) নাসির উদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরী, বোন অধ্যাপক আলেয়া চৌধুরী, খালেদা মোরর্শেদ মিনু, সেলিনা চৌধুরী মিলি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামূন মোস্তাফী (অব.), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহ উদ্দীন, অধ্যাপক ডা. এনামুল হক, অধ্যাপক ডা. আক্রাম হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, ডায়ালাইসিস সেন্টারের পরিচালক ডা. ব্রি. জেনারেল (অব.) মহশীন উদ্দিন আহম্মেদ, নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক বদরুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যাপক ডা. শাহরিয়ার সাবেত, পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান, অধ্যাপক ডা. কোরাইশীসহ চিকৎসক, প্যারামেডিক, স্বাস্থ্যকর্মীসহ সবস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া মাহফিল

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে পিএইচএ ভবনে হল রুমে বাদ আছর ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা, ট্রাস্টি সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদের আহমেদসহ চিকিৎসক, প্যারামেডিক, স্বাস্থ্যকর্মীসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।